দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

বাংলাদেশের নির্মাতা রুবাইয়াত হোসেনের চতুর্থ পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ ৮৩তম ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের অরিজোন্তি প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে। আগামী ২ থেকে ১২ সেপ্টেম্বর ইতালির ভেনিসে অনুষ্ঠিত উৎসবে চলচ্চিত্রটির বিশ্ব প্রিমিয়ার হবে। এর মাধ্যমে ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নেওয়া বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র হতে যাচ্ছে এটি।

১৯৩২ সালে যাত্রা শুরু করা ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব বিশ্বের প্রাচীনতম ও অন্যতম মর্যাদাপূর্ণ চলচ্চিত্র উৎসব। নতুন ধারা ও উদ্ভাবনী নির্মাণশৈলী তুলে ধরার জন্য এর অরিজোন্তি বিভাগ বিশেষভাবে পরিচিত।
‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’ একটি মনস্তাত্ত্বিক হরর চলচ্চিত্র। ঢাকার ঐতিহ্যবাহী ‘মেফেয়ার’ বিউটি পার্লারকে কেন্দ্র করে নির্মিত এ চলচ্চিত্রে জাইনীন নামের এক তরুণীর গল্প তুলে ধরা হয়েছে। বিয়ের প্রস্তুতির সময় তিনি সৌন্দর্য, শরীর, বিশ্বাস, স্মৃতি ও ভয়কে ঘিরে এক রহস্যময় জগতে জড়িয়ে পড়েন।
চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাইনীন চৌধুরী করিম। অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন রিকিতা নন্দিনী শিমু, সুনেরাহ কামাল, আজমেরী হক বাঁধন, দামীর খান, শতাব্দী ওয়াদুদ, সাবেরী আলম ও মোহাম্মদ বারী।
চলচ্চিত্রটির মূল প্রযোজক ফ্রান্সের ল্য ফিল্মস দেলাপে-মিদি। সহ-প্রযোজনা করেছে পর্তুগালের মিদাশ ফিল্মেশ, বাংলাদেশের খনা টকিজ, নরওয়ের বারেন্টসফিল্ম এএস এবং জার্মানির ট্যান্ডেম প্রোডাকশন। আন্তর্জাতিক বিক্রয়ের দায়িত্বে রয়েছে ফিল্মস বুটিক।
পরিচালক রুবাইয়াত হোসেন বলেন, দীর্ঘদিনের শ্রম, ভালোবাসা ও বিশ্বাস নিয়ে নির্মিত এ চলচ্চিত্রের জন্য তিনি নির্মাণদল, অভিনয়শিল্পী, সহ-প্রযোজক ও সহযোগীদের প্রতি কৃতজ্ঞ। সবার কাছে দোয়া চেয়ে তিনি আশা প্রকাশ করেন, চলচ্চিত্রটি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে।
ভেনিস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’-এর প্রদর্শনীর বিস্তারিত সময়সূচি পরে জানানো হবে।
এমএম/